বরিশালে ইয়াবাসহ আটক এক মাদক কারবারির গায়ের জার্সি এআই (AI) প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে গণমাধ্যমে সরবরাহ করার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তিনি বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন। বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত এসআই তানজিলকে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার লিখিত জবাবের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউনিয়া থানা পুলিশ জানায়, গত সোমবার বিকেলে নগরীর মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। পুলিশ প্রথমে জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তোলে। কিন্তু এসআই তানজিল এআই প্রযুক্তি ব্যবহার করে সেটিকে ব্রাজিলের জার্সিতে রূপান্তর করে গণমাধ্যমে পাঠান। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরে সঠিক ছবিটি পুনরায় প্রকাশ করা হয়। পুলিশ কমিশনার জানান, তানজিল ঘটনাটি স্বীকার করেছেন। সেদিন বিশ্বকাপে ব্রাজিলের খেলা থাকায় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতেই তিনি এই বিকৃতির আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন।