ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান কার্যক্রম নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহ আলম খন্দকার। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে এই সুযোগ দেওয়া হয়। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জানাজা শেষে আসামিকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।