লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এক বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীসহ তার মা ও ছোট বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেজো বোন গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন— মৃত মো. কামালের স্ত্রী শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাবি শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাদের মূল বাড়ি কুমিল্লায় হলেও কয়েক বছর ধরে তারা রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাহারুল আলম জানান, ধারালো অস্ত্রের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত যুবককে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেলে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সাথে আরও কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।