মঙ্গলবার ১৩তম জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু মন্তব্য করেছেন, শেখ হাসিনা আবারও ফিরে এলে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন কালো করে ছাড়বেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। বর্তমান সরকারের চার মাস পার হওয়ার কথা উল্লেখ করে তিনি সবাইকে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার ও তাকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া তিনি 'আয়নাঘর'-এর প্রসঙ্গ টেনে বলেন, সেখানে একটি চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই একই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবিও জানান এই বিএনপি সংসদ সদস্য।