বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল একটি মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। রাতের ঘটনা হওয়ায় বিস্তারিত তদন্ত চলছে।