গাইবান্ধার সাঘাটায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। এই নৃশংস হামলায় সালাউদ্দিন (৩০) নামের তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ার চারমাথা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল এবং তার ভাই পলাশ। জানা গেছে, অনৈতিক কাজ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মুকুলকে আগেই যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই সাইফুল্লাহর মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত শিবির নেতার বন্ধু মোবাশ্বের জানান, কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার চাচা। অভিযুক্তরা প্রথমে তার চাচার সাথে গালিগালাজ ও অসদাচরণ করে। পরবর্তীতে এর প্রতিবাদ করতে গেলে হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানিয়েছেন, অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। প্রকৃত ঘটনা তদন্তসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।