রাজধানীর ধানমন্ডিতে রিক্তা মণি নামের এক শিশু গৃহকর্মীকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন। শুক্রবার ভোরে ধানমন্ডির ৯/এ সড়কের একটি বহুতল ভবনে রিক্তা মণির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. শাহিন ধানমন্ডি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার গভীর রাতে পুলিশ আসামিদের তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বাপ্পি আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। দিনমজুর পরিবারের সন্তান রিক্তা চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।