← সকল সংবাদে ফিরে যান
কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যার অভিযোগ
📅 2026-06-20📂 খুন📍 চট্টগ্রাম🏷️ নাঙ্গলকোট, কুমিল্লা
কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম (২৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মরিয়ম দুই সন্তানের জননী এবং পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
নিহতের ভাই রবিউল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে স্বামী শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। মরিয়মকে হত্যা করা হয়েছে দাবি করে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।