← সকল সংবাদে ফিরে যান
গোসাইরহাটে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত, অভিযুক্ত পলাতক
📅 2026-06-19📂 খুন📍 ঢাকা🏷️ পট্টি গ্রাম, গোসাইরহাট, শরীয়তপুর
শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাই জুয়েল সরদারের লাঠির আঘাতে বড় ভাই আমির হোসেন সরদার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টায় উপজেলার পট্টি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের বোন রাশিদা বেগম জানান, অভিযুক্ত জুয়েল তার আরেক ভাই সোহেলের কাছ থেকে না বলে ২১০০ টাকা চুরি করেন। এ নিয়ে মঙ্গলবার সোহেল ও জুয়েলের মধ্যে হাতাহাতি শুরু হলে বড় ভাই আমির হোসেন তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে জুয়েল কাঠের রোয়া দিয়ে আমিরের মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুরে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।