← সকল সংবাদে ফিরে যান
অন্যান্য
রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে প্রবাসী লতিফসহ আরও দুজনের মরদেহ উদ্ধার, মামলা দায়ের
অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-06-19📍 ঢাকা🏷️ রায়পুরা, নরসিংদী
⏱️২ মিনিটের পড়া
শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মালয়েশিয়াপ্রবাসী লতিফ মোল্লাসহ (৩২) আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এই সংঘর্ষে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। গত মঙ্গলবার (১৬ জুন) নিলক্ষা ইউনিয়নের নাজিম উদ্দিন (মিষ্টার) ও আলাল মুন্সি (জবা মেম্বার) গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে মঙ্গলবার ভোরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত যুবকদের গোলাগুলির এই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহত অনিককে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এরপর বুধবার বিকেলে মাধবদীর চরদীঘলদী থেকে নিখোঁজ কাওসার আহমেদের (৩৭) ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে নিলক্ষার হরিপুর গ্রাম-সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয়দের সহায়তায় লতিফ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। গত সপ্তাহে মালয়েশিয়া থেকে দেশে ফেরা লতিফ ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে নিহত অনিকের মা বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।