ঝালকাঠির নলছিটিতে ভয়াবহ হত্যাকাণ্ড গোবিন্দপুর গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত হলেন বাবা আক্কাস খান (৫৫)। গতকাল রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের দীর্ঘদিনের বিরোধের জের

আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এই বিরোধের জের ধরে রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমের ওপর সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খান লোকজন নিয়ে বর্বরোচিত হামলা চালান।
জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু প্রতিপক্ষ দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। ছেলে জসিম খানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তদন্ত ও গ্রেপ্তার অভিযান

nলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।