← সকল সংবাদে ফিরে যান
নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ২
✍️ অপরাধনামা📅 2026-07-04📂 খুন📍 খুলনা🏷️ সদর উপজেলা, নড়াইল
নড়াইলে চুরির অপবাদ দিয়ে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ফরিদপুর ও যশোরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের প্রসেনজিৎ বিশ্বাস (২৫) ও অপূর্ব বিশ্বাস (২৭)। র্যাব-৬ জানায়, ১ নম্বর পলাতক আসামি প্রসেনজিৎকে ফরিদপুরের বোয়ালমারী থেকে এবং ৩ নম্বর আসামি অপূর্বকে যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ জুন রাতে সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে সারারাত অমানবিক নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২৯ জুন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়।
এর আগে শুক্রবার যশোরের বাঘারপাড়া থেকে আকাশ বিশ্বাস (২৫) নামে মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।