মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার সদরের মোঃ কাউছার মিয়া (৩২) ও জসিম মিয়া (৩২), কুলাউড়ার মোঃ সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জের রেজাউল ইসলাম মামুন (২৮)। আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮) জব্দ করা হয়। এছাড়া তাদের তল্লাশি করে একটি তার কাটার, স্টিলের সুইস গিয়ার ছুরি, লোহার তৈরি রামদা এবং একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। এদের মধ্যে কাউছার মিয়ার বিরুদ্ধে ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ৯টি পূর্বের মামলা রয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৩ জুলাই) আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।