হবিগঞ্জের লাখাই উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে প্রতিবেশী সুমন মিয়া ওই কিশোরীকে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে তিনি এলাকায় ফিরলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমন মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওসি শরীফ আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।