← সকল সংবাদে ফিরে যান
সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেওয়ায় কৃষকের মাথা থেঁতলে দিল এলাকার বখাটে যুবক
✍️ অপরাধনামা📅 2026-07-01📂 হত্যাচেষ্টা📍 চট্টগ্রাম🏷️ সীতাকুণ্ড, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেওয়ায় মোহাম্মদ সেলিম (৫৪) নামে এক কৃষকের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নামে এক স্থানীয় বখাটে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌরসভার পন্থিছিলা এলাকার মহাদেবপুরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) ভুক্তভোগী কৃষক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইকবাল ওই এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে ওই গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এসে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে কৃষক সেলিমের মাথা থেঁতলে দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
আহত কৃষক সেলিম বর্তমানে চোখে কিছু দেখতে পাচ্ছেন না এবং স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কায় আছেন। তার ছেলে পারভেজ জানান, ইকবাল এলাকার একজন পরিচিত বখাটে এবং এর আগেও সে একাধিক নারীঘটিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। ঘটনার পর থেকে সে ভুক্তভোগীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, পরকীয়ার জেরে হামলার এই অভিযোগটি তারা পেয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।