← সকল সংবাদে ফিরে যান
পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ; পাচারকারীরা পলাতক
✍️ অপরাধনামা📅 2026-06-30📂 মাদক📍 চট্টগ্রাম🏷️ পতেঙ্গা, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
অভিযানকালে একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।