ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর ভাইয়ের বিরুদ্ধে। মুমূর্ষু ও অতিরিক্ত রক্তক্ষরণের অবস্থায় রোববার সকালে তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে স্বজনেরা রোগীকে হাসপাতালে নিয়ে যান এবং প্রথমে ‘পড়ে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে’ বলে দাবি করেন। তবে শারীরিক অবস্থা দেখে নার্স ও চিকিৎসকদের সন্দেহ হয়। পরে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। ভুক্তভোগীর পুত্রবধূ জানান, শনিবার তাঁর ভাই তাঁদের বাড়িতে বেড়াতে আসেন এবং রাতের বেলা তাঁর শাশুড়িকে ধর্ষণ করেন। সকালে বিষয়টি জানাজানি হলে এক নার্সের পরামর্শে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার ব্যাগ রক্ত প্রয়োজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নেয়। সদর থানার ওসি মনির হোসেন জানান, রোগীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।