রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার এক দিন পর সানজিদা (৯) নামের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের একটি সেচ ক্যানেলের পাশের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সানজিদা স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সাইদুল ইসলাম পেশায় একজন কৃষক। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৯ জুন) বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার দুপুরে এক ব্যক্তি ওই পাটক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পান এবং এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শিশুটির এক আত্মীয় তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরিবারের দৃঢ় ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ আশাবাদী।