← সকল সংবাদে ফিরে যান
সাভারের আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩, প্রমাণ নষ্টকারী পলাতক
📅 2026-06-21📂 ধর্ষণ📍 ঢাকা🏷️ আশুলিয়া, সাভার
সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (২১ জুন) সকালে আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামগড়ার ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত (১৮), ফরিদপুরের বোয়ালমারীর মোবারক শেখের ছেলে মো. মমিন শেখ (১৮) এবং সিরাজগঞ্জের সলংগার দেলোয়ার শেখের ছেলে মো. সুমন শেখ (১৮)। এ ঘটনায় মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বপরিচয়ের জেরে মমিন ভুক্তভোগী কিশোরীকে সিফাতের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
এদিকে, পলাতক জাকির হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী ও আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য ও প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।