← সকল সংবাদে ফিরে যান
জুলাই জাতীয় সম্মেলন: আবু সাঈদ হত্যার রায় দ্রুত কার্যকর ও শহীদ পরিবার পুনর্বাসনের দাবি বড় ভাইয়ের
✍️ অপরাধনামা📅 2026-07-04📂 জাতীয়📍 ঢাকা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে তিনি এই দাবি জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব পরিবার একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে এবং যারা চিরতরে পঙ্গু হয়েছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনর্বাসন করতে হবে। আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হওয়ার আগেই সব শহীদ হত্যার বিচার ও রায় দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।
বিভিন্ন জেলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আবু হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব স্মৃতিচিহ্ন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানান।
পাশাপাশি উত্তরাঞ্চলে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এর মধ্যে উত্তরবঙ্গে একটি ইপিজেড স্থাপন এবং বৈদেশিক কর্মসংস্থানে বিশেষ প্রণোদনার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।